আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগ দাবিতে প্রশাসন ভবনের সব দপ্তরে তালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থি ছয়জন ডিনের পদত্যাগ দাবিতে প্রশাসন ভবনের সব দপ্তরে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে থাকা উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ সব দপ্তরের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা। পরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জরুরি বৈঠকে বসবেন উপাচার্য।

কার্যালয় তালাবদ্ধ করার ঘটনায় উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের সঙ্গে শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের ডিনদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা
আওয়ামীপন্থি ডিনদের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও প্রশাসন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় এ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সিনেট সদস্য আকিল বিন তালেব, রাকসুর সংস্কৃতিবিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ইসলাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল হাসান, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রপক্ষের আহ্বায়ক মো. গোলাম মোস্তফা, ইরফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী অনিক হাসান আলভী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *